মোঃ শাহরিয়া। কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৩ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট, বাজি এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ১ মে ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধীন বড়জ্বালা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও বাজি জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ৩৮ হাজার টাকা। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি এর দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সংশ্লিষ্ট টহলদল সতর্কতা ও কৌশলগত অবস্থান নিয়ে কাজ করায় বড় ধরনের চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত সিগারেট, বাজি ও প্রাইভেটকার কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।,,, চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও জোরদার থাকবে।
NEWS Editor