প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
বগুড়ায় ৫৪৪ নারীর হাতে ফ্যামিলি কার্ড, শুরু হলো সরকারের বিশেষ কর্মসূচি

আল মামুন তালুকদার, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ীতে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক পর্যায়ে ৫৪৪ জন সুবিধাভোগী নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ‘প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড’—প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পরিবারগুলো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্ড হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় নারীরা। উপকারভোগীরা জানান, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই ফ্যামিলি কার্ড তাদের পরিবারের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে যোগ্য পরিবারগুলোকে এই ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬