প্রিন্ট এর তারিখঃ Jun 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
জামালপুরে শান্তি বজায় রাখার আহ্বান নবনির্বাচিত সংসদ সদস্য এমপি ওয়ারেছ আলী মামুনের

এস আলম, জামালপুর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে জেলার সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
শনিবার( ১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জামালপুরের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। ৫টি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করায় আমি জামালপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার কারণে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন-পরবর্তী সময়ে একটি পক্ষ ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নবনির্বাচিত এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, পরাজিত শক্তি নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। ইতোমধ্যে বাঁশচড়া ইউনিয়নে কয়েকটি ভাঙচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিজয়ের উচ্ছ্বাসে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। আমরা প্রতিশোধ নয়, উন্নয়ন ও ঐক্যের রাজনীতি করতে চাই,—বলেন ওয়ারেছ আলী মামুন।
সাধারণ জনগণের প্রতিও তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করারও অনুরোধ জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত দলীয় নেতারা বলেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা দাবি করেন, জামালপুরে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
সবশেষে নবনির্বাচিত এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুরকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত জেলায় রূপান্তর করাই হবে আমাদের অঙ্গীকার। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬