ঢাকা | বঙ্গাব্দ
.

শিশুদের সঞ্চয়ে উৎসাহিত করতে ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন এর ব্যতিক্রমী উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি 

শিশুদের মাঝে মিতব্যয়িতা ও জমানোর অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এক আনন্দঘন এবং ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে ‘শিশুস্বর্গ  ফাউন্ডেশন’। আজ (১৯ এপ্রিল) জামরি গুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘সঞ্চয়ী ব্যাংক’ এবং সঞ্চয় শুরু করার জন্য উপহার হিসেবে ‘নতুন টাকা’ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা শিশু স্বর্গের উপদেষ্টা আশরাফুল ইসলাম এবং মোস্তাক আহমেদ, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী ,তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক এস কে দোয়েল সহ তেঁতুলিয়া উপজেলা শিশু স্বর্গের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, শিশুদের কেবল সঞ্চয়ের কথা বললেই হয় না, বরং তাদের মধ্যে জমানোর উৎসাহ তৈরি করা প্রয়োজন। সেই উদ্দেশ্যেই প্রতিটি শিশুর হাতে সুন্দর একটি ব্যাংকের পাশাপাশি নতুন চকচকে নোট তুলে দেওয়া হয়েছে, যেন তারা আজ থেকেই জমানোর এই সুন্দর যাত্রা শুরু করতে পারে। এই ক্ষুদ্র অভ্যাসই ভবিষ্যতে তাদের সুশৃঙ্খল ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ শিশু স্বর্গের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, উপহার হিসেবে নতুন টাকা এবং ব্যাংক পেয়ে শিশুরা অত্যন্ত আনন্দিত। এটি তাদের মানসিক বিকাশে এবং অর্থের সঠিক ব্যবহার শিখতে দারুণ ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন বলেন,আজকের এই আয়োজন কেবল টাকা বিতরণের অনুষ্ঠান নয়, বরং একটি ভবিষ্যৎ প্রজন্মকে মিতব্যয়ী হিসেবে গড়ে তোলার একটি দারুণ পদক্ষেপ। আমরা শিশুদের হাতে ব্যাংক বা মাটির ব্যাংক তুলে দিচ্ছি যাতে তারা ছোটবেলা থেকেই সঞ্চয় করতে শেখে। একটি শিশু যখন তার জমানো টাকা দিয়ে নিজের পছন্দের কোনো প্রয়োজনীয় জিনিস কিনবে, তখন সে স্বাবলম্বী হওয়ার আনন্দ খুঁজে পাবে। শিশু স্বর্গের এই উদ্যোগ শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশেও ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

শিশু স্বর্গের তেঁতুলিয়া উপদেষ্টা আশরাফুল ইসলাম বলেন,আমরা শিশু স্বর্গের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি শিশুদের শৈশবকে বর্ণিল করতে। অনেক সময় দেখা যায় শিশুরা ছোট ছোট টাকা পেয়ে হারিয়ে ফেলে বা অপ্রয়োজনীয় কিছুতে খরচ করে। তাদের মাঝে ব্যাংক উপহার দেওয়ার মূল লক্ষ্য হলো সঞ্চয়ের মানসিকতা তৈরি করা। নতুন চকচকে টাকা তাদের এই সঞ্চয় যাত্রাকে আরও উৎসাহী করবে। আমরা চাই প্রতিটি শিশু যেন নিজের পায়ে দাঁড়ানোর প্রাথমিক পাঠটি এই শৈশব থেকেই শুরু করতে পারে।

সিনিয়র সাংবাদিক সোরহাব আলী বলেন,নতুন টাকা শিশুদের কাছে বরাবরই আনন্দের প্রতীক। এই আনন্দের সাথে আমরা যদি তাদের দায়িত্বশীলতা শেখাতে পারি, তবেই আমাদের সমাজ আরও সুন্দর হবে। আমি অভিভাবকদের প্রতি অনুরোধ জানাব, শিশুদের এই সঞ্চয় করার প্রবণতাকে উৎসাহিত করুন। তারা যেন বোঝে যে সম্পদ অপচয় করার বস্তু নয়, বরং সঠিক কাজে লাগানোর মাধ্যম। শিশু স্বর্গ যেভাবে শিশুদের হাসিমুখ আর সুন্দর ভবিষ্যতের মেলবন্ধন ঘটাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন জাকারিয়া বলেন,
একজন শিক্ষকের কাছে তার শিক্ষার্থীদের হাসিমুখের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। আজকে শিশু স্বর্গের পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের হাতে যে ব্যাংক ও নতুন টাকা তুলে দেওয়া হলো, এটি কেবল একটি উপহার নয়—এটি একটি জীবনমুখী শিক্ষা। বইয়ের পাতার পাশাপাশি বাস্তব জীবনে সঞ্চয় এবং মিতব্যয়িতা শেখানো আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ।
আমি চাই আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই নয়, বরং একজন সুশৃঙ্খল ও দূরদর্শী মানুষ হিসেবে গড়ে উঠুক। আজকের এই জমানো ছোট ছোট টাকাগুলোই একদিন তাদের বড় বড় স্বপ্ন পূরণে সহায়ক হবে। এই চমৎকার উদ্যোগটি গ্রহণ করার জন্য আমি  শিশু স্বর্গের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দসহ তেঁতুলিয়া উপজেলা টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আশা করি আমাদের শিক্ষার্থীরা এই উপহারের সঠিক মর্যাদা দেবে।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা , শিশুস্বর্গ ফাউন্ডেশন এর উপজেলা নেতৃবৃন্দ, এবং উপদেষ্টাগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, শিশুস্বর্গ ফাউন্ডেশন নিয়মিতভাবে শিশুদের মেধা ও নৈতিক বিকাশে এ ধরনের বিভিন্ন জীবনধর্মী ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স